সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সংগীত সমস্যা (Music challenge)

বিপিন বাবুর স্ত্রী উনি, দেখতে যেন নায়িকা,
ভাগ্যচক্রে হয়ে গেছেন সুমধুর গায়িকা।
সকাল বিকেল গলা সাধেন, গান প্রচুর গান,
বাক্যালাপ নাইকো গৃহে , আছে ছন্দ, লয়, তান।

এদিক ওদিক অনুষ্ঠানে গাইতে যখন যান,
বিপিন বাবু ঘরে বসে করেন সুরা পান।
সবাই শুধায় স্ত্রীকে তাঁর, কর্তা  কোথায় গেলো ?
স্ত্রী হেসে বলেন তাদের - সংগীতে মন ঢালো !!

উত্তর তো পায়না কেউ, কৌতূহলের নাই শেষ,
ঠিক করলো বিপিনকে ওরা ধরবে চেপে বেশ। 
সুযোগও এল সকালবেলা বাজারের মাঝখানে,
"যাওনা কেন বিপিন বাবু, বৌয়ের অনুষ্ঠানে ?"

বিপিন বলেন, "দারুণ খবর, মাছের বাজারে যাও"-
সবাই বলে, "থাক সে কথা, উত্তর তো দাও।"
বিপিন বলেন, "শোন তবে স্ববিস্তারে গল্প,
ঘন্টা খানেক লাগবে বটে, গল্প তো নয় অল্প !!"

বিপিন বলেন প্রশ্ন একটা করব আমি আগে,
ক'বার  তোমার একটা গান শুনতে ভালো লাগে ?
গানের কথায় বুকটা আমার করে দুরু দুরু -
অনুষ্ঠানের খবরেই হয় গানের চয়ন শুরু।

চলে রেওয়াজ সকাল বিকেল, তিন চারটে গান
আসল দিনের সকাল থেকে নতুন উদ্যোগ পান।
বড়ো শিল্পীর রেকর্ড শুনে, স্বরলিপি দেখে,
এতকাল গাওয়ার পর কি জানি কি শেখে।


গান হয়ে যায় রপ্ত আমার, শুনবে, আমি বলব ?
অনুষ্ঠানে সে গান শুনে আমি কি আর করবো !!
গানের সাথে এখন আবার ভিডিও রেকর্ড চাই,
তারই লাগি কত জোগাড়, বলব  কি আর ভাই। 

ল্যাপটপ, মাইক, ক্যামেরা, লোক, কত ঝাঁপা -ঝাঁপি,
ঘেমে নেয়ে, নখ চিবিয়ে, ভয়ে আমি কাঁপি। 
রেকর্ডিং শেষে সবাই হেসে ফিরে গেল বাড়ি,
দু-দিন পরে রেকর্ডিং দেখে গিন্নির মুখ হাঁড়ি। 

ভয়ে ভয়ে সুধাই তারে, "কি হয়েছে বলো ?
রেকোর্ডিংটা তো ঠিকই আছে, আপলোড করে ফেলো।"
উত্তর না দিয়ে গিন্নি দেখি ল্যাপটপ নিয়ে বসে,
"এডিট করতে হবে এটা," বলেন ভীষণ রোষে। 

বুঝবে না গো তুমি এসব, সংগীতে নও পটু,
"সংসার" কথার "সং" টুকুটা  শুনতে লাগছে কটু। 
 অতঃ পর  শুনি শুধু "সং - সং" ধ্বনি,
গিন্নি বসে ল্যাপটপেতে করছেন সংশোধোনি।

"সং"..."সং" আওয়াজ চলে ঘন্টা দু-এক ধরে,
ভুলে গেছে নাওয়া - খাওয়া, চিন্তা লাগে মোরে। 
জীবন পুরো থমকে গেল, সামনে একটা থাম্বা,
সংসারের "সং" টা  নাকি বড্ডো বেশি লম্বা !!

একে তাকে ফোন করে, ফের  IT মিস্ত্রী ধরে,
"এই শব্দটা ছোট করব, বলুন কেমন করে ?"
IT মিস্ত্রী বলল  তারে, নেই কিছু মোর হাতে -
ল্যাপটপটা পাল্টাতে হবে, সফটওয়্যার এর সাথে !!

"শুনলে ভায়া," বিপিন বলেন, "পাবে তুমি অক্কা,
সং - এর দৈর্ঘ্য ছোট করতে লাখ টাকার ধাক্কা !!"
শত বছর আগে কি কেউ এই কথাটি জানতেন ?
জানলে জানি রবি - বাবু অন্য গান বাঁধতেন !!

এবার বুঝলেন কেন আমি অনুষ্ঠানে যাই না ?
গান তো সব মুখস্ত আমার, নতুন কিছু পাইনা !!
শান্ত হলেন বিপিন বাবু, গল্প হলো শেষ,
রহস্য আর রইলো নাকো, রইলো ব্যাথার রেশ। 


***
১১/অগাস্ট /২০২০

শনিবার, ১৯ জুলাই, ২০২৫

Bachelor শালিক

 ছোটবেলা থেকে শুনেছি, একটা শালিক দেখা নাকি খারাপ। দুটো শালিক এক সাথে দেখলে ভালো হয়। বিশেষ করে পরীক্ষা দিতে যাওয়ার সময়ে এটা ভীষণ ভাবে দরকার হতো। এক শালিক দেখে পরীক্ষা ?? ওরে বাবা রে !!

সেই সময়ে ইংরেজিতে একটা ছড়াও মুখস্থ ছিল, "One for sorrow, two for joy, three for a letter, four for a toy... " - বাকিটা ভুলে গেছি। 

 

 

এই শালিক নিয়ে দিনের বিচার করাটা বোধ হয় সবার ক্ষেত্রে সত্যি।  আমার বেশ মনে পড়ে, অনেকদিন তিনটে বা চারটে শালিক দেখতে পাওয়া সত্বেও কেউ আমাকে কোনো চিঠি বা খেলনা দেয়নি। সেই দুঃখ মনে চেপে রেখেই কখন বড় হয়ে গেলাম বুঝতে পারিনি। 

 

জীবনের সায়াহ্নে এসেও এই শালিক দেখাটা ছাড়তে পারিনি।

 

এখন কি হয়েছে, ইদানিং আমার বাড়ির আশে পাশে প্রায় রোজই দেখি একটা শালিক নেচে নেচে ঘুরে বেড়াচ্ছে !! দেখে মনে হয় ছানা, এখনও সঙ্গী জোটাতে পারেনি।  অর্থাৎ bachelor শালিক। তার ফলে আমার দিনগুলো ভালো কাটছে না বাজে কাটছে ঠিক মেপে বলতে পারবো না, কিন্তু অহেতুক ঝুঁকি নেওয়ার কি দরকার আছে ?

আচ্ছা, শালিকটা কি বোঝে না যে জনস্বার্থে ওর একা একা ঘুরে বেড়ানোটা ঠিক নয় ?

 

ওই বেটা কে বিয়ে দিতে হবে - যাতে আমার দিন ভালো কাটে !! দেখি কি করা যায় !! 

***



শুক্রবার, ৩ মে, ২০২৪

গ্রীষ্ম ২০২৪

 

এই সেই গরম যেটা 

ছোটবেলায় দেখেছি,

ঘেমে নেয়ে স্নান করি

সারা গায়ে ঘামাচি।

 

সারাদিন রোদ্দুরে 

সব কিছু জ্বলে যায়,

আকাশেতে মেঘ গুলো 

হেঁসে ভেসে চলে যায় !!

 

শুধু কালবৈশাখী 

একবার যদি আসে,

একবার যদি সব 

বৃষ্টির জলে ভাসে।

 

তার সাথে শিলাবৃষ্টি

যদি হয়, তো জানি

হারানো শৈশব 

ফিরে পাব এই আমি !!

 

আজকাল দেখছি

পাল্টেছে সৃষ্টি -

বাংলায় হাহাকার

মরুদ্যানে বৃষ্টি !!




রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

বাংলা নববর্ষ ১৪৩১

 বাংলা নববর্ষ ১৪৩১

সকাল থেকেই বেজায় গরমনতুন খবর কী -

রবিবার আর নতুন বছর মিশে গেছে গিয়ে

 

কাজের লোক পালিয়ে গেছে, ছুটি করে নিয়ে,

নতুন বছর শুরু হলো বাসন মাজা দিয়ে ।।

 

সুখের কথা বলতে চাই ছড়া লিখতে গিয়ে,

সারাদিন কাটবে কেমনসেই কথা দিয়ে ।।

 

ইডেনে ওরা করবে খেলা, এই গরমে গিয়ে,

খেলার আগে কাটলো বেলাকাপড় কাচা দিয়ে !!


রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

হাওয়া অপিসের কাজ

 তাপপ্রবাহ আসছে বলে IMD' র মাথায় হাত -

সাবধানে থাকো সবাই, নইলে কুপোকাৎ !!

তাই না শুনে পড়ে গেলো সাজ সাজ রব,
বাচ্ছাদের ছুটি দিলো স্কুল গুলো সব।

ঘোষনা শুনে মুচকি হেসে আকাশ দিল ডাক -
যেখানে যত মেঘ ছিল, শুনল সে হাঁক;

IMD' র সতর্কতা রইলো না আর মোটে -
ঠান্ডা হাওয়া আর মেঘে ঢাকা মিষ্টি সকাল বটে !!

হাওয়া অপিস পাল্টি খেল আকাশে দেখে মেঘ,
"ঝড় আসছে" বলল তারা, "দারুন হওয়ার বেগ" !

সেই খবর শুনতে পেয়ে আকাশ উঠল হেসে,
সুজ্যিমামা মারল উঁকি মেঘের কোলে ভেসে !!

দুপুর গেল, বিকেল হল, গাছগুলো সব ছবি,
মেঘের ফাঁকে হাসতে হাসতে ডুবে গেল রবি !!

রোদ উঠুক, বৃষ্টি পড়ুক,বা কড়কড়ে বাজ,
সাজিয়ে গুছিয়ে গুল দেওয়াটা হাওয়া অপিসের কাজ !!

😄😄😄



বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

শীতের বৃষ্টি

 কোথায় গেল শীতের বেলা,

আকাশ ভরা মেঘের ভেলা;

কোন সে দূরের বাণী শুনে 

শান্ত এখন পাখির খেলা !!

Dec. 7th, 2023



রবিবার, ২৩ জুলাই, ২০২৩

আজকের দিন 

বৃষ্টি বিহীন শ্রাবণ বেলায় শুধু সবুজের মেলা,

মনে হয় যেন শরতের দিন, রৌদ্র - মেঘের খেলা। 













শনিবার, ১৫ জুলাই, ২০২৩

এমনি কবিতা  ...

 আষাঢ় মাসের শেষে এসে বৃষ্টি হলো রাতে 

পাখির গান আর ঠান্ডা হাওয়া, মুগ্ধ করলো প্রাতে । 

আকাশ এখনও মেঘে ঢাকা, জাগায় মনে আশা,

বৃষ্টি হলেই খুশি হব, জাগবে গানের ভাষা ।।



 





মঙ্গলবার, ২৩ মে, ২০২৩


মেঘ এসেছে আঁধার করে, সূর্য্য গেছে ঢাকি 

ঝড় উঠেছে প্রবল বেগে, বৃষ্টি হবে নাকি ?

আকাশ রইল মেঘাচ্ছন্ন, ঝড় চলে গেল ধেয়ে,

হল না বৃষ্টি, রইল সৃষ্টি, নীরব নয়নে চেয়ে ।।




সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

চিন্তা (Thoughts)

কি যে লিখি, কি যে লিখি, করছে আমার মন,

মাথার মধ্যে চিন্তাগুলি ঘুরছে সারাক্ষণ। 

হাল্কা কিছু লিখলে পরে লোকে ভাবে, "এ কি !"

ভারি কিছু লিখলে বলে, "ও মা ! দেখো - দেখি !"


কত কিছু দেখার আছে, কত কিছু শেখার,

কত কিছু বলার আছে, কত কিছু লেখার। 

না বলা বাণী, না দেখা হাসি, না জানা কত ব্যাথা,

নিজের মনের রঙ মাখিয়ে জেনেছি সে সব কথা। 


তবু দেখি লিখতে গিয়ে আসছে বাধা কত -

ভাবের জোয়ার আছড়ে পড়ে করছে আশাহত। 

কি যে লিখি, কি যে লিখি, করছে আমার মন,

মাথার মধ্যে চিন্তাগুলি ঘুরছে সারাক্ষণ। 

১৯/০৯/২০২২