শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

Reunion (পুণর্মিলন )

বহু যুগের ওপার হতে 

শৈশবের সেই নবীন বাণী -

আজ দিনান্তে মিলে আবার, 

করবো সবাই কানাকানি। 


জীবনের এই যাত্রাপথে 

এসেছি মোরা বহু দূর,

কত কথা জমে আছে -

কত স্মৃতি সুমধুর !!


বলবো সবাই সে সব কথা 

বাজবে প্রাণে নবীন সুর -

এই মিলনের আনন্দ - ধূপ 

রইবে চির - গন্ধ - বিধুর !!


শনিবার, ৬ নভেম্বর, ২০২১

শীত আসছে (Winter is coming)

 পূজো শেষ, বাঙালি বলে, শীত হয়েছে শুরু,

তাপমাত্রা যদিও নেমেছে কপাল থেকে ভুরু। 

রাতের বেলা ফ্যানটা এখন টিমটিম করে চলে,

লেপ কম্বল চাদর এবার বাইরে এলো বলে। 


ডেঙ্গি, covid, ম্যালেরিয়া, চলছে ভয়ের রথে,

সেই সুযোগে তেলের দাম হিমালয়ের পথে। 

মুখোশ ছাড়া ঢোকা বারণ দেয়ালে আছে লেখা,

ঢুকতে গেলে দরজা চাই, সেটা কোথায়, দেখা ?


শীতের সব্জি বাজারে যা এসেছে এই কালে,

দামগুলি তার ব্রহ্মদত্যি গাছের মগডালে। 

শীত  না পড়লে global warming, শীত পড়লেও তাই,

বিজ্ঞান টা ঢপের চপ, তর্ক বৃথা ভাই। 

 


সোমবার, ৪ অক্টোবর, ২০২১

Whatsapp, Facebook বন্ধ

আকাশেতে তারা করে ঝিকিমিকি 

অসীম, অনন্ত ছন্দ,

বাঁশবন থেকে ডাহুকের ডাক,

অজানা ফুলের গন্ধ। 

সন্ধ্যাবেলায় আঁধারের খেলায় 

ফিরে পেলাম সে আনন্দ,

মুঠোফোনখানি শান্ত, নীরব 

Whatsapp, Facebook বন্ধ !!



রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

Life of a soap (সাবান)

 সাবান 

নতুন সাবান কিনে কি ভাবো কোনদিন, 

গায়ে মেখে কবে সেটা হয়ে যাবে ক্ষীণ ?

গায়ে দেওয়া যাবেনা 

তবু ফেলা হবেনা,

নতুন সাবানে সেঁটে  দিয়ে হয়ে যাবে লীন। 

২)

পুরোনো সাবান কখনও হয় না যে বাদ,

এটাই সব বাঙালির ঘরের প্রবাদ। 

সাবান যখন পাতলা ইয়ে,

নতুন সাবানে সেঁটে দিয়ে -

পুরোনো সাবান পেয়ে যায় অমরত্বের স্বাদ। 






মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

 

বর্ষার দিনে 

সবুজ - কালো মেঘের ভেলা 

বর্ষা শেষে রোদের খেলা। 


 

রবিবার, ১১ জুলাই, ২০২১

PEACE... (শান্তি)

 শান্ত শহর, শব্দ ছাড়া, 

মৃদু মন্দ বাতাস ভরা -

আবহাওয়া দূষণ ছাড়া,

 আকাশ দেখি তারায় ভরা। 

সন্ধ্যাবেলায় লাগছে ভালো 

এই তারার ঝিলিক আর গভীর কালো। 


বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

বর্ষার আশায় (Wishing for the rains)

বর্ষার আশায় 

আজি এ প্রভাতে মেঘের শোভাতে 

আলো আঁধারীর খেলা,

গাছগুলি সব স্থির ও নীরব -

দেখে বর্ষারাণীর ভেলা।।  


মেঘ উড়ে যায়, আশাহত প্রায় 

বনরাজি এই ভবে,

ব্যাকুল মনে ভাবে প্রতিক্ষণে 

বর্ষা নামবে কবে।।  




মঙ্গলবার, ১১ মে, ২০২১

কালবৈশাখী (The Nor'wester)

কালবৈশাখী 

মধ্যদিনের আকাশ ছাইলো ঘন শ্যামল মেঘে 

বৃষ্টির সুবাস লইয়া সাথে বইছে বাতাস বেগে। 

ঈশান কোণে অশনি, শুনি গুরু গুরু রব,

এরই মাঝে আনন্দে বিভোর পাখির কলরব। 





 

রবিবার, ৯ মে, ২০২১

বৃষ্টি (Rain)

বৃষ্টি 

মেঘ ছিল, বৃষ্টি ছিল,

আজ ভিজে মেঘের দুপুর ছিল। 

গাছের ডালে পাখিগুলো 

দমকা হাওয়ায় দুলছিল। 

মাতাল হাওয়ার  নাচন দেখে 

মনের হরষ জাগছিল -

মেঘ ছিল, বৃষ্টি ছিল,

আজ ভিজে মেঘের দুপুর ছিল। 






সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

জানালা (The Window)

জানালা 



আমার জানালা যেন এরকমই থাকে,

রোদের আলো ঝিকিমিকি পাতার ফাঁকে ফাঁকে।

চারিদিক মুখরিত পাখিদের গান - 

মহামারীর মাঝে নাচুক প্রকৃতির প্রাণ।



 

মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১


 মন 

সুদূর পিয়াসী মনটি আমার ভাসে একাকীত্বের জালে 

ভরা সভায় লজ্জা লুকায় বিরহের সেই অন্তরালে ?

মধুর ভাবনা, মধুর চেতনা, মধুর জীবনস্মৃতি -

জীবনের সেই না বলা কথা, প্রকাশ করার ভীতি ?