বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

Cyclone Amphan

ঝড়ের দাপট থেমে গেল রাতে,
হলো চারিদিক নিঃশ্চুপ -
সকাল বেলায় ফিরে দেখে সব
ধ্বংসাবশেষের স্তূপ ।

বৃক্ষ উপাড়ি, ঘর দোর ভাঙি
নির্দয় ছিল লীলা,
কত হাহাকার এল কত ঘরে -
কত জীবন - মরণ খেলা।

আমফান নামে এসে রচিল প্রলয়
জল ও হাওয়ার দানব,
ঘন্টা ছয়েকের তান্ডব লীলায়
কত সে অসহায়, বুঝিল মানব। .

২১ মে, ২০২০



মঙ্গলবার, ১৯ মে, ২০২০

Cyclone Amphan (আগমনী বার্তা)


আকাশে অংশত কালো মেঘ, কিছু অংশ সাদা 
বৃষ্টিপাত হালকা বা মাঝারি, প্রবল কিছু হয়নি দাদা। 
দমকা হাওয়া দোলাচ্ছে আম, নিচে পড়ছে নাকো কিছু 
ছুটির আমেজ এই লকডাউনে ছাড়ছে না গো পিছু। 

বুধবার সকাল, ২০শে মে ২০২০



মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

নামের নামাবলী (The story of a name)

বহুদিন ধরে লোকে আমায় জিজ্ঞেস করে আমার নাকি ভারী সুন্দর নাম, কিন্তু সেটা ব্যবহার না করে কেন শুধু "D" লিখি। বলে বোঝাতে পারিনা সে কি ব্যাথা - তাই এই গল্পটা লিখতে বসলাম।

এই গল্পের সুত্রপাত সেই নার্সারী থেকে; বাবা - মা আদর করে দুটো নাম দিয়েছিলেন - ডাকনাম "আনন্দ" আর ভালো নাম "dhrubojyoti" । বলা বাহুল্য, আমার গুষ্টিতে সবারই এই রকম বড় বড় নাম  - কাগজে এক আঙুল বড় অক্ষরে লিখে সুতো দিয়ে গাঁথলে গলায় মালা করে পরা যায়। 

ডাকনামটি নাকি বুদ্ধের কোন শিষ্যের নাম ছিল, আর ভালো নামটি দুটো সংস্কৃত শব্দকে জুড়ে বানানো - dhrubo আর jyoti । সংস্কৃততে  অবশ্য ওটা dhruv আর jyoti, যেটা কি না ধ্রুবতারার আলো। আমরা বাংলায়  "V", "Bh" আর "B" কে ঘেঁটে এক করে দিয়েছি বহুকাল আগে, তাই আমার নামের বানানটা ওইরকম।

এ তো গেল নামের কথা, এবার বলি আমার পদবীর কথা - Kar; এই শব্দটি বাংলায় একসাথে বিশেষ্য  এবং ক্রিয়াপদ, বড় বিটকেল। "কর" মানে শুল্ক, পাণি, কিছু করার হুকুম - ছোটবেলায় অত বুঝিনি, পরে জেনেছি।

এইরকম স্থিতিতে "আনন্দ কর" নামটা বন্ধুদের খোরাক হবে, এটাই স্বাভাবিক। হয়েছিলও তাই। সে গল্পটা পরে বলছি  ... Dhrubojyoti নিয়ে আমার জীবনের লড়াইটা আগে বলি। 

পড়তাম কনভেন্ট স্কুলে, যেখানে ইংলিশ আর হিন্দী বেশী চলতো। প্রথম শ্রেণীতে ইংলিশ শ্রুতিলিখন পরীক্ষায় পেলাম 50 এ  48, সব বানান ঠিক, শুধু নিজের নামের বানান ভুল !! এই লীলা চলেছিল তৃতীয় শ্রেণী পর্য্যন্ত - তারপর শুরু করলাম "D" লেখা।  তাতে এক নম্বর করে কাটত - 50 তে 49...। 

অষ্টম শ্রেণীতে উঠে চলে গেলাম একটি ছেলেদের সরকারি স্কুলে, যেখানে সবকিছু বাংলায় পড়ানো  হতো।  সে অভিজ্ঞতা একটা সম্পূর্ণ অন্য গল্প, পরে কোনদিন লিখব, আপাততো নামের কান্ডটা বলি।

নতুন বন্ধুদের জানালাম আমার ডাকনাম "আনন্দ " - ব্যাস, আর যাই কোথায় !! রোজ ক্লাসে ঢুকতেই সবাই গৌর - নিতাই এর মত হাত তুলে চেঁচাতো "আনন্দ কর, আনন্দ কর" বলে। কিছুদিন সহ্য করে, আমিও পালের গোদা দুটোকে চিনে নিয়ে শুরু করলাম।

একজনের নাম ছিল "নব কুমার রায়" - তাকে নিয়ে কবিতা সৃষ্টি হল :-

"নব কুমার রায় পাল্কী  চড়ে যায়,
পাল্কী থেকে বউ পালালো, করে হায় হায় !!"

অন্যটার জন্য কি করেছিলাম মনে নেই, আমার সেই স্কুলের সহপাঠীরা যদি এটা পড়ে, হয়তো মনে করিয়ে দিতে পারবে।  এই পাল্টা আক্রমণে তো "আনন্দ কর" নিয়ে আনন্দ করা বন্ধ হলো - Dhrubo নামটা প্রচলিত হলো।

স্কুলের গণ্ডি অতিক্ৰম করে কলেজে গিয়ে কি করে আমার পরিচয় "DK" হলো মনে নেই, তবে কলেজে দুটোই চলতো - DK আর Dhrubo । কলেজে কিছু বন্ধু আমার ডাকনামটা জানতো - সেটাকে ছোট করে "Ando" বানিয়ে দিয়েছিলো। 

আমি ছোটবেলায় এক জাপানি ভদ্রলোকের কাছে সাঁতার শিখেছিলাম। সেই গল্পটা কলেজের বন্ধুদের বলতেই ওরা সাথে সাথে আমার নাম পাল্টে "Ando Nigamuchi" করে দিল। সেই নাম নিয়ে অনেকদিন কেটেছে - মাঝে মাঝে রাগ হত, অভিমান হত,কিন্তু হোস্টেল জীবনে অনেকেরই অনেক নাম থাকে, তাই ওই নামটা জীবনের অঙ্গ হিসেবে নিয়ে নিয়েছিলাম। 

 চাকরিজীবনে ঢুকে নতুন করে ধাক্কা  - প্রথম মাইনের চেক পেয়ে কি আনন্দ (এটা মনের আনন্দ - আমি নই) - তারপর দেখি চেক এ  নাম লেখা আছে "Dhurbojyothi Kar" !! আমাদের একাউন্টেন্ট ছিল দক্ষিণ ভারতের,  সে আমার নামে প্রথম একটা "h" ঢুকিয়ে দিয়ে "Dhrubo" কে ঘেঁটে "Dhurbo" করে ক্ষান্ত হয়েছে।  ব্যাংকে গেলাম, ওরা চেকটা নিয়ে একটু নিজেদের মধ্যে আলোচনা করে জমা নিয়ে নিলো, বললো, পরের মাসে নামের বানানটা ঠিক করে নিতে। 

কোম্পানির একাউন্টেন্ট কে গিয়ে বললাম - সে sorry বলে একটা খাতায় লিখে রাখলো।  দ্বিতীয় মাসের চেক এল, তাতে লেখা "Dhurbo Jyothi Kar" - আমি একটু চিন্তা নিয়েই ব্যাংকে গেলাম।  এবার ব্যাঙ্ক এর লোকটা আমাকে পাঠালো ওর ম্যানেজারের কাছে। সেই ভদ্রলোক আমার প্রজেক্ট ম্যানেজার কে ফোন করে কথা বলে চেক জমা দিতে বললেন।  কাজ হলো - মনে শান্তি। অফিসে ফিরে আবার সেই একাউন্টেন্ট কে গিয়ে ধরলাম - সে যথারীতি ক্ষমা চেয়ে নিয়ে একটা খাতা এগিয়ে দিয়ে বললো আমার নামটা গোটা গোটা অক্ষরে লিখে দিতে।  দিলাম। 

তৃতীয় মাসের চেক পেলাম, তাতে নাম লেখা - "Dhurba Jyothikar" !! এবার ব্যাঙ্কের লোকটা হাত তুলে দিল। চেক জমা নিল না। এতো কান্ড করেও সেই একাউন্টেন্ট ব্যাটা নামের বানান ঠিক তো করেইনি, আর "h" টা কেও ছাড়েনি !!

আমার তখন দিন আনি দিন খাই অবস্থা !! কত টাকাই বা মাইনে  - চেক অচল - প্রজেক্ট ম্যানেজার কে গিয়ে বললাম এই কাহিনী - হয়তো কান্নাকাটিও করেছিলাম, মনে নেই।  তিনি কি করছিলেন জানিনা, তবে পরের মাস  থেকে "Dhrubojyoti Kar" চেকের আসনে স্বগৌরবে অধিষ্ঠিত হয়েছিল। 

জীবনে বহুবার ভেবেছি, এই নামের বানান ভুল করার জন্য মায়ের কাছে এত যে কানমলা খেয়েছি, তার কি দরকার ছিল ? হয়তো ছিল, তাই  আমি ছাড়া আর সবাই  এই নামটা বানান করতে গিয়ে ল্যাজে - গোবরে হয়েছে। 

এর কয়েক বছর পরের ঘটনা। গেলাম ভিয়েতনাম। ওদের ভাষা সম্পূর্ণ রূপে আলাদা - এক একটি শব্দ এক একটি আওয়াজ মাত্র, আর একটি কথার অনেক মানে হয় - যেমন "নাম"।  নাম মানে 5, নাম মানে পুরুষমানুষ, নাম মানে দেশ, ইত্যাদি।  অথবা ধরা যাক "মুই " - এই শব্দটার মানে 10, মশা, বৃষ্টি, নুন হতে পারে, ব্যবহারের উপরে নির্ভর করে। ও ভাষায় প্রতিশব্দ বলে কিছু নেই। 

অফিসের সহকর্মীরা আমার পুরো নাম উচ্চারণ করার প্রবল চেষ্টা করেছে অনেকদিন ধরে - মুখ বেঁকিয়ে, চোখ বন্ধ করে, থুতু ছিটিয়েও পারেনি। যে চারটি শব্দ দিয়ে আমার নাম তৈরী, সেটা মনেই রাখতে পারতোনা।  শেষে ওদের বললাম আমাকে "Mister Kar" বলে ডাকতে।  সেই থেকে আমার পরিচয় হলো - মিত্তাকা !! 

একদিন, ভিয়েতনাম সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক আমাকে বলল আমার নামটা চারটে শব্দে ভেঙে লিখতে।  আমি লিখলাম - "dhru - bo - jyo - ti"।  সে বেচারা অন্যদের মত "dhru" - তেই আঁটকে গেল। কিছুক্ষন ভেবে বলল, তোমাকে "bo - jyo - ti" বলে ডাকব ? আমি বললাম না, ওই কথার কোন মানে হয়না।  

ওদের ভাষায় "bo" মানে গরু, ভেবেছিল বোধ হয় ওদের ভাষার মত আমাদেরও প্রতিটি শব্দের একটি করে মানে আছে। আমি আবহাওয়া হাল্কা করার জন্য বললাম - "call me D Kar";  সে একগাল হেঁসে মাথা দুলিয়ে বলল, "Hello Dika" !! যতদিন ভিয়েতনামে ছিলাম, আমার এই দুটো নাম প্রচলিত ছিল - "Mittaka" আর "Dika" !

এরপরে যে দেশেই গেছি আজ পর্য্যন্ত, লক্ষ্য করেছি ওরা আমার নাম উচ্চারণ করতে পারেনি সহজে।  "Dhru" শব্দটা সর্বদাই দাঁড়িয়ে পড়েছে পর্বতাকার বাঁধা হয়ে। মাঝে আমার এক আমেরিকান বস ছিল  - সেও দু-তিন বার চেষ্টা করে বলেছিল, "Never mind, I'll call you D" !!

সেই থেকে আমি "D" পরিচয় গ্রহণ করেছি। 

 ধ্রুবতারার ধ্রুবজ্যোতি  রাতের আকাশেই শোভা পাক। 








মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

বিদেশ যাত্রা (Travelling abroad)


বিদেশ যাত্রা

দেশে দেশে ঘুরে আমি বুঝেছি এটাই হায় -
নতুন দেশের সবই ভালো, যদি বাথরুম না যেতে হয় !!

শীতের দেশের বাথরুমেতে কার্পেট পাতা থাকে,
জল না ফেলে কাজ করতে পড়ি যে দুর্বিপাকে !

একটা দেশে বাথরুমটার মেঝে ছিল গরম,
স্বপ্ন - স্বরূপ যন্ত্রপাতি, বিস্ময়কর চরম !

অনেক দেশেই কল খুলতে হয় যে ভীষণ ব্যাথা,
এটা ঘোরাই সেটা ঘোরাই, জলটা গেল কোথা ??

ঠাণ্ডা জল, গরম জল, দুটোই ভয়ঙ্করী,
কলের সাথে কুস্তি লড়ি, স্নানের কেলেঙ্কারি !!

বড় বেসিন ছোট বেসিন, দেখেই মাথা ঘোরে,
কোনটা কখন লাগে কাজে কে বলবে মোরে ??

টয়লেটে হায় জল থাকে না, কাগজ দেয় ওরা,
ছিঃ ! ছিঃ ! একি অনাসৃষ্টি প্লাস্টিক রোলে মোড়া ??

গাঁইয়া হলেও ভাগ্যে আমার বেরোবার সুযোগ ঘটে,
বিদেশ যাবার সঙ্গী আমার পাসপোর্ট আর মগ বটে !!



রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯

অনন্য ব্যবসা (Unique business)

অনন্য ব্যবসা

আমি শনিবারে বাজারে যাই, সপ্তাহের বাজার করার জন্য - মাছ, মাংস, সব্জি, চাল, মুদির জিনিস পত্র নিয়ে বাড়ি ফিরি।  এ বহু বছরের এক অভ্যাস,  দোকানদারদের সাথে চেনা পরিচিতি হয়ে গেছে, কিছু দোকানদারকে আর বলতে হয়না কি নেব, কিছু দোকানদার special treatment দিয়ে থাকে, আবার কয়েকজন গল্প করতে ভালোবাসে। 

মাছের দোকানে অনেকক্ষণ দাঁড়াতে হয় ; খরিদ্দারদের লম্বা লাইন থাকে, বিভিন্ন লোকের বিভিন্ন মতামত শুনতে বেশ মজাই লাগে। কেউ মাছ দেখেই বলে দিতে পারে কোন নদীর মাছ, কারুর বা চিংড়ির ভেদাভেদ  সম্বন্ধে সাংঘাতিক জ্ঞান, আর রুই - কাতলা - ইলিশের বিশেষজ্ঞ তো প্রায় সবাই। 

অবাক হয়ে শুনি, সময় কেটে যায়, অনেক কিছু জিনিস জানাও যায়। ধীরে ধীরে জানতে পেরেছি যে মাছের কোনো অংশ ফেলা যায়না - সব বিক্রি হয়। এমনকি মাছের আঁশও !! ওটা নাকি cosmetics বানাতে কাজে লাগে। হয়তো ভবিষ্যতে আরো কিছু জিনিস বানাতে ব্যবহার হবে ...

এরই মাঝে প্রায়ই দেখি একটি লোক হাতে সরু একটা screwdriver আর ছোট, সরু nose-pliers নিয়ে ঘোরাঘুরি করে। অনেকদিন লক্ষ্য করেছি, একদিন ওর কাজকম্ম চুপচাপ নিরীক্ষণ করলাম। কাটা মাছের মুড়োগুলোর থেকে ওই screwdriver দিয়ে কি যেন খুঁচিয়ে বার করে হাতের ওপর রাখে, তারপর ছুটে চলে যায় একটা জায়গায়, যেখানে ওর একটা ছোট শিশি রাখা আছে। ওই শিশিতে হাতের জিনিষটা চেঁচে সযত্নে রাখে, আবার চলে আসে দোকানে, মুড়োগুলোর কাছে। 

একদিন আমি মুড়ো কিনেছি, দোকানদার বলল দাঁড়াতে; দেখি ওই লোকটাকে ডেকে বলল তাড়াতাড়ি করতে - সে আমার কেনা মুড়ো থেকে সেই screwdriver দিয়ে খুঁচিয়ে কি একটা বার করে নিয়ে মুড়োটাকে আবার প্যাকেটে ভরে আমায় দিয়ে বলল, "sorry, আপনাকে আমার জন্য দেরি করতে হলো ।"

আমি বললাম, "ওটা কি বার করলেন ?" বলল, "Pituitary gland মাছের চাষে লাগে ।" আমি আর কিছু না বলে বাড়ি ফিরে এলাম, সাথে নিয়ে এলাম দারুণ কৌতুহল - পুরো ব্যাপারটা বোঝার দরকার মনে হলো। একটা চশমা - পরা বয়ষ্ক মানুষ, পরনে ময়লা জামাকাপড় - চেহারা দেখে মনে হয় বেশ গরীব - ওই টুকুন gland সারাদিন ধরে মুড়ো থেকে বার করে যাচ্ছে দিনের পর দিন - এ কি রকম জীবিকা ?

আজকাল তো ইন্টারনেটের দৌলতে সব খবরই পাওয়া যায় - একটু পড়াশুনা করলাম - যা জানতে পারলাম, অবাক করে দিলো।  ওই pituitary gland  এর সাংঘাতিক চাহিদা বাজারে - দেশে বিক্রি হয় প্রায় ১৭৫ টাকায়  ১০ ml, আর বিদেশে তার দর হচ্ছে  ৯০ ডলার ১০ গ্রামের জন্য !!

তাজ্জব হয়ে গেলাম।  জীবনে অনেক কিছুই শেখা বাকি আছে !!!





রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

লাল, নীল, সবুজ কলম (Red, blue and green pens)



আজকাল লোকে তো কলম দিয়ে লেখাই ভুলতে বসেছে ... হয় কম্পিউটারের কিবোর্ড আর না হয় ফোনে বুড়ো আঙ্গুল দিয়েই সব বক্তব্য প্রকাশ করে ফেলে।  পরবর্তী প্রজন্মর তো বুড়ো আঙুলে ব্যাথা, কব্জিতে অস্ত্রপচার, কত কি হচ্ছে এই কিবোর্ড আর ফোন টেপার দয়ায়। 

মাঝে মাঝে ভাবি, আমরা ছোটবেলায় এতো বকুনি, এতো শাস্তি পেয়েছি, খারাপ হাতের লেখার জন্য, এমন কি পরীক্ষায় কম নম্বরও পেয়েছি - সবই কি বৃথা গেল ? এখন আমিও তো সংসারের হিসেব আর চেক সই করা ছাড়া কলম ব্যবহার করিনা। 

যাকগে, আসল গল্পটাতে আসি....আজ থেকে প্রায় তিরিশ বছর আগেকার কথা - তখন অত কম্পিউটারের ছড়াছড়ি হয়নি, সবেমাত্র কিছু জায়গায় কম্পিউটার বসতে শুরু করেছে।  তখন প্রায় সব অফিসেই স্টেনোগ্রাফার আর সেক্রেটারিদের দল সারাদিন টাইপরাইটার এ টরেটক্কা করে জীবন কাটাতো। চিঠিপত্র ডাকঘর বা কুরিয়ার দিয়ে যেত, আর না হলে ফ্যাক্স। 

সেই সময়ে বিভিন্ন অফিসের বড় বাবুরা পকেটে তিন চারটে কলম নিয়ে ঘুরে বেড়াতো। যার যত ক্ষমতা, তার তত বেশি কলম। ম্যানেজারদের পকেটে তো গোটা তিনেক কলম থাকতই, টেবিলে সাজানো থাকত আরও গোটা চারেক। 

আমি যে কোম্পানিতে কাজ করতাম, তারা কম্পিউটার এবং আনুসাঙ্গিক অনেক কিছু বেচতো, আমিও ছিলাম এক প্রকারের বেচুদা। একটি সংস্থা কে কোম্পানি কিছু মালপত্র দিয়েছিল, বিক্রি-বাটা  হয়েছিল তখনকার বম্বে শহরে। সেই সংস্থার হেডঅফিস ছিল কলকাতায়।  আমি এই ব্যাপারে জানতেও পারতাম না, যদি সব কিছু ঠিক ঠাক থাকত। 

হলো কি, তারা প্রায় ছয় মাস বেশ কিছু টাকা বাকি রেখে দিল - ব্যাপারটা আমাদের হেডঅফিসে গেল, সেখান থেকে আমার ওপর হুকুম হলো ওদের হেডঅফিস থেকে টাকা বার করার, কারণ আমার কলকাতার অফিস থেকে ওদের হেডঅফিস হাঁটা পথে পাঁচ - ছয় মিনিটের রাস্তা। 

তখন অল্প বয়স, দারুণ উদ্যোগ নিয়ে চলে গেলাম ওদের অফিসে, একেবারে সোজা চারতলায়, যেখানে ওদের সব প্রেসিডেন্ট আর ভাইসপ্রেসিডেন্ট বসতো। জনৈক ভদ্রলোককে জিজ্ঞেসাবাদ করে, এই কেনা-বেচার মালিক যে ছিল, তার কাছে পৌঁছে গেলাম। তিনি একজন ভাইসপ্রেসিডেন্ট। বাঙালি। 

আমাকে বসতে বললেন, সবিস্তরে পুরো কাহিনী শুনলেন, মস্ত বড় জীভ কেটে বললেন, "আপনারা এখনো টাকা পাননি ? কি লজ্জার কথা !!" আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। 

বললেন, "ইনভয়েস এনেছেন ?" আমি সাথে সাথে ওনাকে ব্যাগ থেকে ইনভয়েস বার করে দিলাম। ডুপ্লিকেটে। উনি পড়ে দেখে বললেন, "দেখুন তো, কি কান্ড ? আমি এটা সই করে দিচ্ছি, আপনি ছয়তলায়  গিয়ে একাউন্টস সেক্শনে জমা করে দিন।"

"কবে টাকা পেতে পারি ?" 

"আগে ইনভয়েসটা জমা করুন তো, তারপর দেখছি", এই বলে, পকেট থেকে সবুজ কলম বার করে লিখে দিলেন - "please pay immediately."। তারপর সই করে তারিখ দিলেন। আমি খুশি মনে ধন্যবাদ জানিয়ে চলে গেলাম ছয়তলায়। মনে মনে ভাবলাম এটা কি সহজ কাজ, যদি করে দিতে পারি তো নিশ্চয়ই নাম কিনব। 

ছয়তলায় গিয়ে দেখি সব তিলকধারি, গেরুয়া বসন-পরিহিত মুনীবজিদের ছড়াছড়ি। তারাই নাকি একাউন্টস ডিপার্টমেন্ট !!  টেবিল - চেয়ার নেই, সবাই ধব-ধবে সাদা চাদর মোড়া তাকিয়াতে বসে মস্ত বড় বড় লাল খাতায় ব্যস্ত হয়ে হিসেব করছে। কম্পিউটার একটাও নেই।  একবার মনে ভাবলাম যে এতো টাকা দিয়ে যে দুটো কম্পিউটার কিনেছে সেগুলো কই ?

বেশি কিছু ভাববার আগেই একজন বললো, "কিসসে মিলনা হায় ?" আমি নাম বললাম। সে আমাকে ঘরের কোণে এক বৃদ্ধ মানুষকে দেখিয়ে দিল। গেলাম তার কাছে। সে কোনো কথা না বলে হাত বাড়িয়ে দিল। আমি ইনভয়েস গুলো দিলাম। সে পড়ে দেখে বললো, "আগলা মাহিনা কা দস তারিখ আইয়ে।" আমি বলতে গেলাম যে আমার তাড়া আছে পেমেন্ট নেবার, সে নির্বিকার চিত্তে বললো, "বোলা না, দস তারিখ কো আইয়ে।" হতাশ হয়ে অফিস ফিরে বসকে জানালাম। আরও তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে। বস বললো, "ঠিক আছে, লেগে থেকে পয়সাটা বার করো।" .

কি আর করব ? পরের মাসে দশ তারিখে গিয়ে হাজির হলাম সেই তিলকধারী বুড়োর কাছে। দেখি ওনার আসন খালি, উনি নেই। খোঁজ খবর করে জানলাম ওই বুড়ো গত মাসে চাকরি থেকে অবসর নিয়ে চলে গেছেন !! আমার ইনভয়েস এর খবর কেউ জানেনা। 

ফিরে চারতলায় গিয়ে সেই ভাইসপ্রেসিডেন্ট কে আবার ধরলাম।  তিনি সব ঘটনা শুনে বললেন, "এদের যে কি ব্যাপার আমিও বুঝতে পারিনা। আপনি এক কাজ করুন  - আমাকে আবার ইনভয়েস এর কপি দিন।  আছে সঙ্গে ?"  আমি বললাম, "না... আমি তো পয়সা নিতে এসেছিলাম, ইনভয়েস তো নেই।" উনি একটা করুণার  হাসি হেসে আমাকে আবার ইনভয়েস আনতে বললেন। 

অফিসে ফিরে বসকে জানালাম। বস আবার ডুপ্লিকেট ইনভয়েস দিন চারেক পরে কুরিয়ার দিয়ে পাঠালেন।  সেটা নিয়ে আবার ছুটলাম ওই ভাইসপ্রেসিডেন্ট এর কাছে। তিনি এক গাল হেসে বললেন, "এবার ব্যবস্থা করছি।" দেখলাম তিনি নীল কলম দিয়ে আবার লিখলেন, "please pay immediately." তারপর সই, তারিখ, ও ছাপ মেরে আমাকে দিলেন। 

"কার কাছে যাবো ?" তিনি কিছুক্ষণ আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে, কিছু ভেবে, বললেন যে ছয়তলাতে গিয়ে দেখবেন একটা ভেন্ডর সেকশন হয়েছে, সেখানে দেবেন। আমি আবার ছুটলাম ছয়তলায় সেই তিলকধারী মুনীবজিদের পাড়ায়। দেখি ভেন্ডর সেক্শনে একটি বিকট মোটা, অল্প বয়েসী ছেলে বসে আছে, যাকে দেখলেই মনে হয় রোজ সকালে জল-খাবারের বদলে মারধর খেয়ে আসে। তাকে গিয়ে বললাম, "ইনভয়েস ইধর দেনা হায় ?"

সে আমাকে আপাদমস্তক কিছুক্ষণ নিরীক্ষণ করে বললো, "হাঁ।" বললাম যে আপনাদের ভাইস প্রেসিডেন্ট লিখে দিয়েছে, কবে পেমেন্ট পেতে পারি ? সে আবার আমাকে আপাদমস্তক কিছুক্ষণ নিরীক্ষণ করে বললো, "আগলা মাহিনা।" আমি তো আকাশ থেকে পড়লাম।  ওকে বললাম সেই ভাইস প্রেসিডেন্ট কে ফোন করতে।  সে একদম নারাজ।  শেষে আমি নিচে গিয়ে ওই ভদ্রলোককে বললাম।  তিনি বললেন, "আমি কথা বলছি।" তিনি পাশের ঘরে গিয়ে ইন্টারকম এ কিছুক্ষণ কথা বলে এসে জানালেন যে তিনি দুই সপ্তাহের মধ্যে টাকাটা বার করে দেওয়ার চেষ্টা করবেন। সন্দেহ হলো, কারণ ওনার ঘরেও ইন্টারকমটা ছিল। 

যাই হোক দু সপ্তাহ পরে আবার গেলাম।  তিনি বললেন ওপরে গিয়ে খোঁজ করতে। ওপরে গিয়ে সেই মোটা ছেলেটার কাছে দাঁড়াতেই সে বললো, "মাফ কিজিয়ে, আপ কা ইনভয়েস গুম হো গিয়া, এক অউর ইনভয়েস কপি মিলেগা ?" 

সে কি !! এ তো বিনা মেঘে বজ্রাঘাত !! আবার সেই ভাইসপ্রেসিডেন্ট এর সাথে দেখা করে অফিস ছুটলাম।  বস কে জানালাম ঘটনাটা। আবার চার - পাঁচ দিন পরে ইনভয়েস এলো। নিয়ে সোজা গেলাম সেই ভাইস প্রেসিডেন্ট এর কাছে।  তিনি বললেন, "আহা, আপনাকে কত ঘোরাচ্ছে।... আমি এক্ষুণি সই করে দিচ্ছি।"

আমি বললাম, "স্যার সবুজ আর নীল কলমে তো কাজ হলোনা, লাল কলমে সইটা করবেন ?" তিনি ভূত দেখার মত আমার দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন।  বুঝলাম ঠিক ধরেছি !! চাপ দিলাম।  "প্লিজ লাল কলমে সই করুন।" তিনি কি ভাবলেন, করে দিলেন।  লাল কলমে। 

ওপরে গিয়ে ইনভয়েসটা দিতেই সেই মোটকা ছেলেটা উঠে বসলো। আমাকে দেখলো তারপর ইনভয়েস নিয়ে ভেতরের ঘরে চলে গেলো। আমি কি আর করি, বাইরে হলঘরে দাঁড়িয়ে রইলাম। প্রায় আধ ঘন্টা পরে ও বেরিয়ে এলো, আমাকে দেখে অবাক। বুঝিয়ে দিলাম আমি চেক ছাড়া যাচ্ছিনে। ও বললো লাঞ্চ এর পরে আসতে। আমি বললাম, "আজ আমার উপোষ, লাঞ্চ করবনা, এখানেই বসছি, এই তাকিয়াতে, আপনারা লাঞ্চ করুন, তারপর আমাকে চেক দিন।"

সে ব্যাপারটা বেগতিক দেখে আবার ভেতরের ঘর চলে গেল। এক ঘন্টা পরে চেক পেলাম হাতে। 

সেই থেকে আমার শিক্ষা হলো :
"সবুজ কলমে গোলমাল, নীল কলমেও তাই -
টাকা যদি পেতে হয়, লাল কলম চাই !!"

***
আপনারা যদি এটা পড়ে উপকৃত হন, তো জানাবেন।  
***







রবিবার, ২০ মে, ২০১৮

হোমিওপ্যাথি ওষুধের বাক্স (The box of homeopathy medicines)

আমার বাবার ওষুধ নিয়ে পড়াশুনো করার অভ্যাস ছিল।  বাড়িতে প্রচুর মেডিসিনের বই ছিল - তখন তো আর ইন্টারনেট ছিল না, তাই বইই  ছিল একমাত্র সম্বল। শুধু পড়াশুনো নয়, সেই বিদ্যা প্রয়োগও করতেন।  আমাদের ওপর।

আর সুযোগও ছিল - আমি তো প্রায়ই জ্বর - কাশিতে ভুগতাম, ঈশান কোণে মেঘ দেখা দিলে নাক দিয়ে জল গড়াতো, যখন তখন টন্সিল ফুলে যেত;  দিদি একটু কম। ফলে বিভিন্ন রকম ওষুধ খেয়েছি, বেশীর ভাগ জঘন্য খেতে - যেমন পাড়ার  ডাক্তারের লাল - সবুজ মিক্সচার, Waterbury's Compound, Phosphomin, কালমেঘ (উঃ - মাগো, কি তেতো ছিল ওটা), আরো কত কি... (পাড়ার  ওষুধের দোকানদার  বাবাকে  "trained chemist" ভাবতো, বহুদিন পরে তার ভুল ভেঙেছে। )

এর মধ্যে মাঝে মাঝে হোমিওপ্যাথি ওষুধও চলতো - Hepar Sulphur, Ipecac, Colchicum, Belladona, Nux Vomica, Baryta Carb. ... এই কটাই  মনে পড়ে,  আরও হয়ত ছিল। কোন ওষুধের কি কাজ ছিল জানিনা, এটা মনে আছে যে সবই ছোট ছোট চিনির গোলা, আর প্রায় একই রকম গন্ধ। বাবা গুনে গুনে কখনো চারটে গোলা, কখনো ছ' টা গোলা দিতেন।  তাতে জ্বর সারতো কি না মনে নেই।

ওষুধগুলো থাকতো একটি ছোট কাঠের বাক্সে, তার ভেতরটা ছিল কালো, আর বাইরেটা চকচকে কাঠের পালিশ।

ছোটবেলার স্মৃতিতে পরিষ্কার ছবি এখনো ধরা আছে - দরজার পেছনে বা খাটের তলায় লুকিয়ে আমি আর দিদি, বা আমার কোনো বনধু, বাবার সেই হোমিওপ্যাথি ওষুধের বাক্সটা নিয়ে একটার পর একটা বোতল খুলে দু-চারটে করে চিনির গোলা ঢেলে ঢেলে খেতাম। উঃ সে কি আনন্দ !! সেযুগের বিটকেল স্বাধের ওষুধগুলোর কাছে এটা ছিল যেন নকুলদানার ছোটভাই !

কখনো বেশী খাওয়া হয়ে গেলে, বাবা দেখতাম নতুন ওষুধের শিশি নিয়ে আসতেন। ওষুধ চুরি বুঝতেন কি না জানিনা, কিনতু কোনো দিন প্রশ্ন করেননি। 

ওই হোমিওপ্যাথি ওষুধের যে ছোট ছোট কাচের শিশি হত, সেগুলো আরও একটা কাজে লাগত - ঠোঁটের কাছে ধরে খুব সুন্দর শিষ দেওয়া যেত - আপনারা কেউ  চেষ্টা করেছেন কখনও ?

এই রোগ-ভোগান্তি আর ওষুধের মধ্য দিয়ে কখন বড় হয়ে গেছি টের পাইনি।  বাবা চলে গেছেন প্রায় দশ বছর আগে। সেদিন বাবার ঘরটা পরিষ্কার করতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে বেরোলো আমার সেই ছোটবেলাকার প্রবল কৌতুহলের আর আনন্দের উৎস - সেই হোমিওপ্যাথি ওষুধের বাক্স !! 

তাতে আজও কিছু ওষুধের শিশি আছে। রেখে দিয়েছি যত্ন করে। 

শুনেছি আজকাল নাকি ওই শিশি আর পাওয়া যায়না - সবই প্লাস্টিকের। ওই রকম বাক্সও বোধ হয় পাওয়া যায়না। যুগ বদলে গেছে। 
















রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

The Kanchan Tree ( কাঞ্চন গাছ )

কাঞ্চন গাছ

ছোটবেলায় আমাদের বাগানের এক কোণে একটা কাঞ্চন গাছ ছিল।  খুব সুন্দর দেখতে ছিল গাছটি, যেন কেউ ওটাকে হাতে করে গড়ে নিটোল ভাবে বানিয়েছে।  যখন ওই গাছে ফুল হত, তখন কত পাখি আসতো অবাক হয়ে দেখতাম।  আজ এতো বছর পরে ছোটবেলার অনেক স্মৃতি হারিয়ে গেছে বটে, তবে ওই গাছটার ছবি আজও মনের মধ্যে উজ্জ্বল। 

ছোটবেলায় মায়ের সাথে সব্জি খাওয়া নিয়ে যুদ্ধ বোধ হয় সবাই করেছে।  আমিও তাদের মধ্যে একজন - সিম, বাঁধাকপি, ভিন্ডি, পটল, ঝিঙে নিয়ে প্রায় দুবেলাই লাগতো ঝগড়াঝাঁটি, তর্কাতর্কি, কান্নাকাটি, আর মায়ের কড়া শাসনে সবই খেতে হত। 

ঠিক করেছিলাম বড় হয়ে এমন দেশে যাব যেখানে অন্ততঃ পটল, ভিন্ডি আর ঝিঙে খেতে হবে না। অনেক দেশ ঘুরে দেখলাম ওই সব্জিগুলোর থেকে রেহাই পাওয়া মুশকিল।  তাও চেষ্টা করেছি এড়িয়ে যাবার, যখনি পেরেছি। 

এদের মধ্যে ফুলকপিটা অত খারাপ লাগতনা, তাও খেতে চাইতাম না। মা আমাকে একদিন বললেন, "তুই তো কাঞ্চন গাছ ভালবাসিস। এটা তো কাঞ্চন গাছ, দ্যাখ !"

দেখি ফুলকপি ছোট ছোট করে কেটে এক একটি ভাতের গোরাসে একটা করে কপির টুকরো সাজিয়ে দিয়েছেন। তারপর কাঞ্চন গাছের গল্প বলতে বলতে খাইয়ে দিলেন। তারপর থেকে যখনি ফুলকপি রান্না হত, আমার বরাদ্দ ছিল সেই কাঞ্চন গাছের গল্প। 

গল্প কি বলতেন মনে নেই, শুধু মনে আছে :
আমি : তারপর ?
মা : খাও, বলছি।  তারপর না .... খাও বলছি  ... মুখ চালাও, মুখে নিয়ে বসে থাকলে গল্প ও দাঁড়িয়ে থাকবে। 

যেই মুখ খালি হলো, আবার এক গোরোস কাঞ্চন গাছ সহ ভাত ঢুকে গেল,আর আবার সেই কথা :
আমি : তারপর ?
মা : খাও, বলছি।  তারপর না .... খাও বলছি  ... মুখ চালাও, মুখে নিয়ে বসে থাকলে গল্প ও দাঁড়িয়ে থাকবে। 

সেই কাঞ্চন গাছের গল্প শেষ বোধহয় হয়নি কোনদিন।  তার আগেই বড় হয়ে গেলাম। (কি ক্যাবলাই না ছিলাম আমি।) বাগানের গাছটা প্রতি বছর ফুলে ভরে যেত, আজও বোধহয় তাই হয়। বহুদিন ভেবেছি কাঞ্চন গাছের সাথে ফুলকপির কি সম্পর্ক ?  মা কে জিজ্ঞেস করা হয়ে ওঠেনি আর। 

আজ আমার মা আর নেই, আজও ফুলকপি খেতে গেলে কাঞ্চন গাছের কথা মনে পড়ে। 

পরিণত বয়সে একটা উপলব্ধি হয়েছে বটে - মায়েরা মিথ্যে কথা দারুণ সুন্দর গল্প দিয়ে সাজিয়ে বলতে পারে। 







শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

Pujo 2017

পূজো ২০১৭

পুজোর সময় আসছে কাছে - আশ্বিন মাসের শুরু -
কোথায় সেই শিউলি - শরৎ, শুধু মেঘের গুরু -গুরু।
শিশির ভেজা ঘাসের ছোঁয়া ভুলেই গেছি আজ,
জল-কাদার মাঝে থাকে মায়ের ঢাকের সাজ।

পুজো গেল শরৎ এল, সাদা মেঘের খেলা  -
হঠাৎ আবার জোলো হাওয়া কালো মেঘের ভেলা।
কালী-পুজোর আগের দিন আবার ঘনায়ে মেঘ,
আবার করে বৃষ্টি এল, সাথে হাওয়ার বেগ।

বাজি পোড়ানো বন্ধ হলো ঝড়-বৃষ্টির ত্রাসে -
শ্যামা পোকা উড়ল না আর আলোর আশে-পাশে।
সময়ের হিসেব ঘেঁটে দেখি ছুটির দিন প্রাতে,
ওরা এসে ভোগ দিয়ে গেল, পূজো হয়েছে রাতে !!

রবিবার, ৯ জুলাই, ২০১৭

মিথোজীবী সম্পর্ক (Symbiotic relationship)


ছোটবেলা থেকে শুনে এসেছি প্রকৃতির সাথে মিলে মিশে থাকলে সর্বাঙ্গীন উন্নতি হয়। কি উন্নতি হয় সেটা অবশ্য এখনও জানা যায়নি। আজও বিভিন্ন লেখা প্রকাশনী পড়লে বিভিন্ন মতামত পাওয়া যায়। 

আমার ছোটবেলায় স্কুলের জন্য একটি কালো জুতো আর একটি সাদা জুতো (কেড্স ) ছিল আর বাকি সময় খালি পায়ে দৌড়ে বেড়াতাম -  কাঁটা ফুটেছে, রক্ত ঝরেছে, তবুও খেলা বন্ধ হয়নি। পেয়ারা গাছের ব্যাঁকা ডালের টুকরো আর ছাল উঠে যাওয়া টেনিস বল দিয়ে প্রচুর ক্রিকেটও খেলেছি। 

স্কুল শেষে বাড়ি ফিরে খাবার খেয়েই বাগানের পেয়ারা গাছে আমার আর আমার  দিদির দুপুরটা কাটতো। আর নয়তো গরমকালে অন্য লোকের বাগান থেকে কাঁচা আম চুরি।  আমি গাছে উঠতাম আর দিদি নিচে দাঁড়িয়ে স্কার্ট এ আমগুলো কুড়োত। 

বাবার বাগান করার শখ ছিল, ফুলের  সাথে বাগানে পাখি, প্রজাপতি, ড্রাগনফ্লাই, সাপ, ব্যাঙ, কেঁচো, ঝিঁঝি পোকা, সবই থাকত। ওদের মধ্যে বড় হতে হতে ওদের ভালোবাসতে গিয়ে প্রাণ হানিও ঘটিয়েছি অনেক বার।  বেশ কিছু প্রজাপতি, ড্রাগনফ্লাই, কেঁচো, শালিক ও চড়ুইপাখি আমার আদর করে খাওয়ানোর প্রচেষ্টায় ভবলীলা সাঙ্গ করে পগার পার হয়েছে .... ওদের পরলোক আছে কি না জানিনা, যদি থাকে, তো সেখানেই গেছে। 

বেশ মনে আছে একবার একটি মৃত শালিককে বাগানের কোণে গর্ত করে পুঁতেছিলাম, তার সাথে আমার একটি ক্যাপ ফাটানো পিস্তলও পুঁতেছিলাম। তখন সবে ইতিহাস পড়তে শুরু করেছি, প্রত্নতত্ত্ববিদদের কথা জেনেছি, উদ্দেশ্য ছিল ওদের তাক লাগিয়ে দেওয়া - "আজ থেকে হাজার বছর পরে যদি কেউ ওই শালিকটাকে খুঁজে পায়, তাহলে তার সাথে আমার পিস্তলটা দেখে অবাক হবে".... যাক সে কথা। 

আর থাকত কুকুর।  পাড়ার মধ্যে গোটা দশেক কুকুর ঘোরাঘুরি করত। প্রতি বছর সেই কুকুরের বাচ্ছা হলে আমাদের সে কি আনন্দ !!! কুকুরছানা নিয়ে খেলা !! বেশিরভাগ ছানাগুলো কোনো না কোনো কারণে মারা যেত, দু-একটা বাঁচতো। 

যখন আমি তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে পড়ি, তখন আমাদের বাগানের এক কোণে একটি কুকুরের বাচ্ছা হয়েছিল। তাদের মধ্যে কুচকুচে কালো একটি ছানা, তার তখনো চোখ ফোটেনি, আমার নজরে পড়ে গেল ... ব্যাস, আর কী ? দিদির আর আমার আদর-যত্ন শুরু হয়ে গেল। একটু বড় হতেই বুঝলাম এই ছানাটা অন্যদের থেকে আলাদা - বাকি দুটো ছানা বেশ মোটাসোটা হয়ে উঠল এটা রয়ে গেল হাড়গিলে রোগা। এমনই রোগা যে ল্যাজ নাড়লে ল্যাজের থেকে বেশি ওর গা টা দুলতো। নাম দিলাম "ল্যাকপ্যাক"। নামটা টিকে গেল কেমন করে, পাড়ার সবাই ওকে ওই নামে ডাকত। আমার গলা চিনতো - শুধু একবার ল্যাকপ্যাক বলে ডাকলেই যেখানেই থাকুক ছুটে চলে আসতো। সাপ দেখতে পেলে গা কাঁপিয়ে বকাবকি করে আমাদের সাবধান করে দিত। 

ল্যাকপ্যাক বহুদিন বেঁচে ছিল, কলেজে ভর্তি হয়ে চলে যাবার কিছুদিন পরে শুনলাম ও মারা গেছে। খুব দুঃখ হয়েছিল। হাকুচ কালো কুকুরটি চোখ দিয়ে কথা বলতো - সেই কথা আমার শিশুমনের সৃষ্টি হতে পারে, তবে আজও তার সেই চোখের দৃষ্টি আমার স্মৃতিতে বিরাজমান। 

দেখতে দেখতে কখন যে বড় হয়ে চাকরি-বাকরি সুত্রে শহরবাসী হয়ে গেলাম বুঝতে পারিনি। কলকাতার পাড়াতে আগে দেখেছি এদিক-ওদিক কিছু ফুল ফুটতে, তার সাথে কিছু প্রজাপতি ঘোরাঘুরি করত। মাঝে মাঝে ব্যাঙের ডাক আর ঝিঁঝি পোকার আওয়াজ শোনা যেত। ইদানিং লক্ষ্য করছি সব কেমন স্তব্ধ হয়ে গেছে। আজকাল বৃষ্টি পড়লে কচিত কখনো দু-একটা ব্যাঙের ডাক শোনা যায়, প্রজাপতি আর ড্রাগনফ্লাই তো দেখাই যায়না। 

তাহলে কি হবে, প্রকৃতির মাঝে বড় হবার অভ্যাস যাবে কোথায় ? পাড়ার কুকুরগুলো তো আছে !! তাদের প্রতি নজর থাকে - বহুবার গভীর রাতে কুকুরছানার করুণ ডাকে ঘুম ভেঙেছে, বাইরে বেরিয়ে, তাদের ড্রেন থেকে উদ্ধার করে টিউব ওয়েলএর জলে ধুইয়ে অন্য জায়গায় রেখে এসেছি। 

কালে কালে আমার গিন্নিও ওদের প্রেমে পড়ে গেছে। রোজ বিসকুট কিনে খাওয়ানো শুরু হয়েছে বেশ কয়েক বছর। দু-একটাকে হাসপাতালেও পাঠানো হয়েছে রোগ সারাবার জন্য। রাস্তার কুকুরের এতো যত্ন খাতির দেখে আমি ওকে "সারমেয় সেবা সমিতির সভাপতি" উপাধি দিলাম - তাতে উল্টো ফল হল - বিস্কুটের দৈনিক পরিমান বেড়ে গেল। 

এখন ওই কুকুরগুলো জেনে গেছে কি করে বেশি বিসকুট পেতে হয় - গেট থেকে পা বাড়ালেই ছেঁকে ধরে। আমি তো বকে ধমকে বেরিয়ে যাই, ও বেচারি সেটা পারেনা, ওর শাড়িতে ওদের আদরের পায়ের ছাপ পড়ে যায়। 

এই ভাবেই চলছে ... আমাদের খাওয়ার কোনো উচ্ছিষ্ট থাকেনা। দুপুরে খাওয়ার শেষে মাছের কাঁটা আর একটু আধটু সব্জির অংশবিশেষ বাইরে রাস্তায় ফেলতেই কাকগুলো তুলে নিয়ে যায়, মাঝে মাঝে মাটিতে পড়ার আগেই ওদের মুখে উঠে যায়। একটি কাকের ছানা, সবে উড়তে শিখেছে, মানুষ কে ভয় পেতে শেখেনি, কখনো কখনো এসে বারান্দার গ্রিলের পাশে বসে থাকে এই খাবারের আশায়। 

রাতে মাংস খাওয়া হলে হাড়গুলো সেই সারমেয়র দল পায়। বিসকুট খাবার পর ওটা উপরি পাওনা। ওপর থেকে হাড়গুলো ছুঁড়ে দেই, ওরা কিনতু নিজেদের মধ্যে কাড়াকাড়ি করেনা - যার সামনে যেটা পড়ল সে সেটাই খায়। 

এ এক আশ্চর্য্য, সীমিত মিথোজীবী সম্পর্ক !!

***

সেই দিন এই ভাবে রাতের বেলা হাড়গুলো ছুঁড়ে দিলাম, একটি কুকুর দেরি করে এলো, কিছুই পেলো না।  আমার দিকে একবার ওপরে তাকালো, হালকা ল্যাজ নেড়ে চলে গেলো - হয়তো বললো, "পরের বার মনে রেখো..."

নিজেকে বললাম, "নিঃশ্চই চেষ্টা করব ......"