রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯

অনন্য ব্যবসা (Unique business)

অনন্য ব্যবসা

আমি শনিবারে বাজারে যাই, সপ্তাহের বাজার করার জন্য - মাছ, মাংস, সব্জি, চাল, মুদির জিনিস পত্র নিয়ে বাড়ি ফিরি।  এ বহু বছরের এক অভ্যাস,  দোকানদারদের সাথে চেনা পরিচিতি হয়ে গেছে, কিছু দোকানদারকে আর বলতে হয়না কি নেব, কিছু দোকানদার special treatment দিয়ে থাকে, আবার কয়েকজন গল্প করতে ভালোবাসে। 

মাছের দোকানে অনেকক্ষণ দাঁড়াতে হয় ; খরিদ্দারদের লম্বা লাইন থাকে, বিভিন্ন লোকের বিভিন্ন মতামত শুনতে বেশ মজাই লাগে। কেউ মাছ দেখেই বলে দিতে পারে কোন নদীর মাছ, কারুর বা চিংড়ির ভেদাভেদ  সম্বন্ধে সাংঘাতিক জ্ঞান, আর রুই - কাতলা - ইলিশের বিশেষজ্ঞ তো প্রায় সবাই। 

অবাক হয়ে শুনি, সময় কেটে যায়, অনেক কিছু জিনিস জানাও যায়। ধীরে ধীরে জানতে পেরেছি যে মাছের কোনো অংশ ফেলা যায়না - সব বিক্রি হয়। এমনকি মাছের আঁশও !! ওটা নাকি cosmetics বানাতে কাজে লাগে। হয়তো ভবিষ্যতে আরো কিছু জিনিস বানাতে ব্যবহার হবে ...

এরই মাঝে প্রায়ই দেখি একটি লোক হাতে সরু একটা screwdriver আর ছোট, সরু nose-pliers নিয়ে ঘোরাঘুরি করে। অনেকদিন লক্ষ্য করেছি, একদিন ওর কাজকম্ম চুপচাপ নিরীক্ষণ করলাম। কাটা মাছের মুড়োগুলোর থেকে ওই screwdriver দিয়ে কি যেন খুঁচিয়ে বার করে হাতের ওপর রাখে, তারপর ছুটে চলে যায় একটা জায়গায়, যেখানে ওর একটা ছোট শিশি রাখা আছে। ওই শিশিতে হাতের জিনিষটা চেঁচে সযত্নে রাখে, আবার চলে আসে দোকানে, মুড়োগুলোর কাছে। 

একদিন আমি মুড়ো কিনেছি, দোকানদার বলল দাঁড়াতে; দেখি ওই লোকটাকে ডেকে বলল তাড়াতাড়ি করতে - সে আমার কেনা মুড়ো থেকে সেই screwdriver দিয়ে খুঁচিয়ে কি একটা বার করে নিয়ে মুড়োটাকে আবার প্যাকেটে ভরে আমায় দিয়ে বলল, "sorry, আপনাকে আমার জন্য দেরি করতে হলো ।"

আমি বললাম, "ওটা কি বার করলেন ?" বলল, "Pituitary gland মাছের চাষে লাগে ।" আমি আর কিছু না বলে বাড়ি ফিরে এলাম, সাথে নিয়ে এলাম দারুণ কৌতুহল - পুরো ব্যাপারটা বোঝার দরকার মনে হলো। একটা চশমা - পরা বয়ষ্ক মানুষ, পরনে ময়লা জামাকাপড় - চেহারা দেখে মনে হয় বেশ গরীব - ওই টুকুন gland সারাদিন ধরে মুড়ো থেকে বার করে যাচ্ছে দিনের পর দিন - এ কি রকম জীবিকা ?

আজকাল তো ইন্টারনেটের দৌলতে সব খবরই পাওয়া যায় - একটু পড়াশুনা করলাম - যা জানতে পারলাম, অবাক করে দিলো।  ওই pituitary gland  এর সাংঘাতিক চাহিদা বাজারে - দেশে বিক্রি হয় প্রায় ১৭৫ টাকায়  ১০ ml, আর বিদেশে তার দর হচ্ছে  ৯০ ডলার ১০ গ্রামের জন্য !!

তাজ্জব হয়ে গেলাম।  জীবনে অনেক কিছুই শেখা বাকি আছে !!!





৪টি মন্তব্য: